ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাজা তৃতীয় চার্লসের রাজকীয় সম্মাননা এমবিই পেয়েছেন গোলাপগঞ্জের সন্তান কবি ও নাট্যকার আবু তাহের। এ অর্জনে স্থানীয় সময় সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি মিলনায়তনে তাঁকে সংবর্ধনা দিয়েছে গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে।
সংগঠনের সভাপতি মোহাম্মদ দিলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টি বোর্ডের সদস্য মারুফ আহমদ ও সাধারণ সম্পাদক মাসুদ আহমদ জোয়ারদার। প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর ব্যারিস্টার মুসতাক আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন হারুন মিয়া (শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান), কবি আতাউর রহমান মিলাদ, লেখক-গবেষক ফারুক আহমেদ এবং মাসুক আহমেদ (গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাধারণ সম্পাদক)।
সংগঠনের সদস্য হাফিজ তামজিদ কাদির কোরআন তিলাওয়াত করে অনুষ্ঠানের সূচনা করেন, স্বাগত বক্তব্য দেন সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু। পরে কবি মোহাম্মদ ইকবাল, সঙ্গীতশিল্পী মিতা তাহের, ছড়াকার দিলু নাসের, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মতিয়ার চৌধুরী এবং আমিনুল হক জিলুসহ (যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক) কমিউনিটির অনেকে বক্তব্য দেন।
বক্তারা আবু তাহেরকে প্রচারবিমুখ, বিনয়ী ও নিবেদিতপ্রাণ একজন সমাজসেবক হিসেবে তুলে ধরেন। তাঁদের ভাষ্য, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও কমিউনিটির উন্নয়নে বহু বছর ধরে তিনি নিভৃতে কাজ করে চলেছেন। এই স্বীকৃতি গোলাপগঞ্জ ছাড়িয়ে পুরো সিলেট, যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি সমাজ ও বাংলাদেশের জন্যও গৌরবের বলে মন্তব্য করেন তাঁরা।
নিজের অনুভূতি জানাতে গিয়ে আবু তাহের বলেন, ‘আজ আমি সত্যিই ভাষাহীন।’ উপস্থিত সবার দেওয়া সম্মান ও ভালোবাসার জন্য চিরকৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে আবু তাহেরের জীবন, সাহিত্যকর্ম, কমিউনিটি সেবা এবং দেশে-বিদেশে তাঁর মানবিক ও দাতব্য কার্যক্রম নিয়ে নির্মিত প্রায় আট মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। এর গ্রন্থনা ও পরিকল্পনা সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মিছবাহ মাসুমের, নির্দেশনায় ছিলেন ছড়াকার দিলু নাসের।
পরে সংগঠনের পক্ষ থেকে আবু তাহেরের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু, সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদসহ অতিথিরা। অতিথিদের সম্মানে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।






