চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানকে ঘিরে মিলনমেলায় পরিণত হয় যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের এক আয়োজন। রোববার (২৬ জুলাই) ওয়াটফোর্ডের হলিওয়েল সেন্টারে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের চতুর্থ মেজবানে লন্ডন, ওয়াটফোর্ড, এনফিল্ডসহ বিভিন্ন শহর থেকে পরিবার নিয়ে এক হাজারের বেশি প্রবাসী যোগ দেন।
দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে এম কায়সার। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইফতেখার আলম ও সহসাধারণ সম্পাদক সারওয়ান জাহান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর সোহেল বশীর, ওয়াটফোর্ড বরো কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব মো. মাসুদুর রহমান, যিনি টিভি-২৪ বাংলার চেয়ারম্যান ও ION TV-এর ‘চাটগাঁইয়া গফ’ অনুষ্ঠানের উপস্থাপক।
অতিথিদের মধ্যে আরও ছিলেন অ্যাকাউন্ট্যান্ট রাজ্জাকুল হায়দার বাপ্পি (গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের কনভেনিং কমিটির সদস্য), রায়হান উদ্দিন চৌধুরী টিটু (সীতাকুণ্ড সমিতি ইউকের সেক্রেটারি), বশির জামান বাবু (কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকের ভাইস প্রেসিডেন্ট), মাওলানা মোহাম্মদ হাসান (ডেগেনহাম সেন্ট্রাল মসজিদের সাবেক ইমাম) এবং মিডিয়া ব্যক্তিত্ব জাহেদুল আলম মাসুদ ও মোহাম্মদ সেলিম হোসাইন। ফটিকছড়ি কমিউনিটি ইউকে, সীতাকুণ্ড সমিতি ইউকে, কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকে, গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে ও নোয়াখালী সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্বের সঞ্চালক ছিলেন মো. মাসুদুর রহমান। তিনি সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন, আর নতুন কমিটির সদস্যরা সংগঠনকে আরও গতিশীল করা ও প্রবাসীদের কল্যাণে কাজের অঙ্গীকার করেন।
অতিথিদের পরিবেশন করা হয় সাদা ভাত, মেজবানি গরুর মাংসসহ চট্টগ্রামের নানা ঐতিহ্যবাহী খাবার। প্রবাসের নতুন প্রজন্মের কাছে চট্টগ্রামের শতবর্ষী ঐতিহ্য, সংস্কৃতি ও আতিথেয়তা তুলে ধরতেই এই মেজবানের আয়োজন।
সংগঠনের নেতারা বলেন, প্রবাসে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি ধরে রাখতে এমন আয়োজন বড় ভূমিকা রাখছে; ভবিষ্যতে আরও বড় পরিসরে এটি চালিয়ে যাওয়ার আশা তাদের। অনুষ্ঠান শেষে অতিথি, শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের ধন্যবাদ জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।






