মঙ্গলবার (২৮ জুলাই) ইংল্যান্ডের হোয়াইটচ্যাপেলে প্রবাসী, সাংবাদিক ও শিক্ষার্থীদের নিয়ে একটি নৈশভোজ ও মতবিনিময় সভা হয়। সভায় বক্তারা বলেন, যুক্তরাজ্যে থাকা চট্টগ্রামের মানুষ নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করছেন, আর চট্টগ্রাম ও কক্সবাজারের শিক্ষার্থীরা সেখানকার নামী বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সঙ্গে পড়াশোনা করছেন।
অনুষ্ঠানে প্রবাসী চট্টগ্রামবাসীর উদ্যোগে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সাইদুল ইসলাম এবং উচ্চশিক্ষার জন্য লন্ডনে থাকা চট্টগ্রাম-কক্সবাজারের শিক্ষার্থী সমিত শর্মাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। যুক্তরাজ্যের বিশিষ্ট সাংবাদিক, ব্যবসায়ী ও কমিউনিটি নেতারা এতে অংশ নেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি, প্রবাসীদের আর্থসামাজিক অবদান, অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্ব এবং বিদেশে দেশের ভাবমূর্তি তুলে ধরায় প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, রেমিট্যান্সের বাইরে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কাজের মাধ্যমেও যুক্তরাজ্যের চট্টগ্রামপ্রবাসীরা দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন, যা অর্থনৈতিক স্থিতিশীলতা ও রিজার্ভ মজবুত করতে সহায়ক।
বক্তাদের আরেকটি পর্যবেক্ষণ, যুক্তরাজ্যের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া চট্টগ্রাম-কক্সবাজারের মেধাবীরা বৈশ্বিক জ্ঞান ও দক্ষতা অর্জন করছেন; ভবিষ্যতে দক্ষ পেশাজীবী হয়ে দেশে-বিদেশে তারা দেশের সুনাম বাড়াবেন। তাদের মতে, শিক্ষার্থীদের এ সাফল্য মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক দৃঢ় করতেও ভূমিকা রাখছে।
অতিথিদের মধ্যে ছিলেন মো. সোহেব কবির, সময় টিভির লন্ডন প্রতিনিধি ও মিডিয়া ব্যক্তিত্ব; টিভি২৪ বাংলা ও লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান; সলিসিটর মো. ইকবাল বাহার; হাউন্সলোর ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মো. জসিম উদ্দিন; কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মোরশেদুল আলম এবং প্রবাসী সাইফুল সাইদ ও কামাল উদ্দিন। অতিথিরা প্রবাসের মাটিতে এ মিলনমেলার প্রশংসা করেন এবং দেশের উন্নয়ন, প্রবাসীদের ঐক্য ও নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পাশে থেকে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।






