যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামের মানুষের সংগঠন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে (GCAUK) তাদের বার্ষিক পিকনিক করেছে পূর্ব লন্ডনের ইলফোর্ডে। ৩১ আগস্ট (সোমবার) ভ্যালেন্টাইনস পার্কে আয়োজিত এ পিকনিকে লন্ডনের নানা এলাকা থেকে সদস্য, তাঁদের পরিবার, বন্ধু ও অতিথি মিলিয়ে প্রায় ২০০ থেকে ২৫০ জন যোগ দেন।

দুপুর ১২টার মধ্যে সবাই পার্কে পৌঁছালে জায়গাটি চট্টগ্রামবাসীর মিলনস্থলে পরিণত হয়। ব্যস্ত জীবনের ফাঁকে অনেক দিন পর দেখা হওয়ায় আড্ডা, স্মৃতিচারণ আর হাসিতে মেতে ওঠেন সবাই। মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে কেউ গান গেয়েছেন, কেউ আবৃত্তি, অভিনয় বা কৌতুক করেছেন; ছিল ছড়া, ধাঁধা ও স্মৃতিচারণও।

দুপুরের খাবারের পর শুরু হয় নানা বয়সীদের খেলাধুলা ও প্রতিযোগিতা। শিশুদের খেলার পাশাপাশি নারীরা অংশ নেন বালিশ খেলা ও বল নিক্ষেপে, আর পুরুষেরা নামেন রশি টানাটানিতে। খেলার আয়োজন গোছাতে বড় ভূমিকা রাখেন জাওয়াদ, যিনি নিয়মিত GCAUK-এর খেলাধুলা ও নানা কার্যক্রম এগিয়ে নিতে কাজ করেন।

খাবারেও ছিল দেশের স্বাদ। চা-নাশতার সঙ্গে নানা পিঠা, চনামুড়ি, পিয়াজি, আমের চাটনি ও ফুচকা পরিবেশন করা হয়; Corner Chatgaya Stall-এর বিশেষ আয়োজনও অংশগ্রহণকারীদের নজর কাড়ে। মেঘলা আকাশ আর মাঝে মাঝে হালকা বৃষ্টির মধ্যেও আড্ডা ও আনন্দে ভাটা পড়েনি।

শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন। এ ছাড়া কনভেনিং কমিউনিটির কনভেনার ব্যারিস্টার আবু মুনছুর শাহজাহান, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি এবং দুই ট্রাস্টি শওকত মাহমুদ টিপু ও মীর রাশেদ আহমেদসহ নেতারা ও অতিথিরা বক্তব্য দেন। লুনা তানজিনা, নূরুন্নবী আলী ও কুতুবুল আলমসহ সংগঠনের নানা স্তরের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা আয়োজনে সহায়তা করেন।

আয়োজকেরা জানান, শুধু বিনোদন নয়, প্রবাসে থাকা বৃহত্তর চট্টগ্রামের মানুষ ও তাঁদের পরিবারের মধ্যে যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব আরও মজবুত করাই ছিল পিকনিকের লক্ষ্য। অংশগ্রহণকারীরা একে প্রাণের মিলনমেলা বলে উল্লেখ করেন; পুরোনো পরিচিতদের সঙ্গে দেখা ও নতুন সম্পর্ক গড়ার সুযোগ পাওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশাও করেন অনেকে।

সমাপনী পর্বে সংগঠনের কনভেনার ও ট্রাস্টি ব্যারিস্টার আবু মুনছুর শাহজাহান এবং ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন আয়োজনে শ্রম, সময় ও সহযোগিতা দেওয়া সবাইকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন, সবার সম্মিলিত চেষ্টাতেই এবারের পিকনিক সফল হয়েছে।