নিউ সাউথ ওয়েলসের লিভারপুলে বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বেচ্ছাসেবক ও কমিউনিটি নেতাদের, যাদের মধ্যে বাংলাদেশিরাও আছেন, সম্মাননা জানানো হয়েছে। কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়ার লিভারপুল শাখা গত ৪ জুলাই এক অনুষ্ঠানে লিভারপুল সাউথ ওয়ার্ড উপনির্বাচনে কাজ করা ৬৫ জনের বেশি স্বেচ্ছাসেবকের হাতে সম্মাননা সনদ তুলে দেয়।

আয়োজকদের ভাষ্য, স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা নির্বাচনী কার্যক্রম সফল করার পাশাপাশি বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় সামাজিক সংহতি, সহযোগিতা ও গণতান্ত্রিক অংশগ্রহণের সংস্কৃতিকে শক্তিশালী করেছে। শাখার সাধারণ সম্পাদক সাইয়েদা ইশরাত ফেরদৌসি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সংগঠনের উপদেষ্টা কমিটির সভাপতি শিবলী আবদুল্লাহ, সম্পাদক কাউন্সিলার খালেদ হালাবি এবং সভাপতি কাউন্সিলার ইব্রাহিম খলিল মাসুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে আরও ছিলেন মোহাম্মাদ আবদুল মতিন (অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি) এবং এএইচএম মাসুম বিল্লাহ (এবি টিভি ও বিজয় কণ্ঠের সম্পাদক)।

অনুষ্ঠানে লিভারপুল শাখার ২০২৬ সালের অ্যাডহক কমিটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটির সভাপতি দেব বি. গুরুং, যিনি লিভারপুল সাউথ ওয়ার্ডের প্রার্থী ছিলেন; অন্য পদে আছেন কোষাধ্যক্ষ বিজয় শ্রেষ্ঠ, সাধারণ সম্পাদক সাইয়েদা ইশরাত ফেরদৌসি ও সহসভাপতি সাজ্জান কার্কি। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ভাবনা পরাজুলি, মোহাম্মাদ আবদুল মতিন, এস কে শামসাদ হোসেন, থুই তিয়েন ও শাহিদুল মোয়াজ্জেম হোসেন।

বক্তারা বলেন, কমিউনিটির উন্নয়ন, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জানান, সংগঠনটি গড়ে উঠেছে একজন বাংলাদেশির উদ্যোগে; এখন এটি বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সেতুবন্ধ, সমঅধিকার ও সক্রিয় নাগরিক অংশগ্রহণে ভূমিকা রাখছে এবং প্রবাসী বাংলাদেশিদের ইতিবাচক নেতৃত্বের উদাহরণ হয়ে উঠেছে।

অনুষ্ঠান শেষে আয়োজকেরা বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় সামাজিক সংহতি, পারস্পরিক শ্রদ্ধা ও স্বেচ্ছাসেবার চেতনা নিয়ে কমিউনিটির উন্নয়নে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।