অস্ট্রেলিয়ার পার্থের মুরডক ইউনিভার্সিটিতে ‘হেলথ অ্যাওয়ারনেস সেমিনার’ শিরোনামে একটি স্বাস্থ্যসচেতনতামূলক সেমিনার হয়েছে। পুষ্টি, স্বাস্থ্য, সুস্থতা ও জীবনযাপন নিয়ে আলোচনা আর অভিজ্ঞতা বিনিময় হয় এতে।

সেমিনারে আমন্ত্রিত মূল বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজির অধ্যাপক ড. মুজিবুল হক। আধুনিক জীবনে স্বাস্থ্যসচেতনতা কেন জরুরি, প্রমাণভিত্তিক খাদ্যাভ্যাসের গুরুত্ব, জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এবং দীর্ঘ মেয়াদে সুস্থ থাকার নানা দিক তিনি তুলে ধরেন।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া, দৈনন্দিন জীবনে সচেতনতা বাড়ানো এবং বিজ্ঞানসম্মত তথ্য দেখে স্বাস্থ্য নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি। ব্যক্তির সুস্থতার পাশাপাশি সমাজ ও পরিবারে স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তুলতে সচেতনতার ভূমিকাও উঠে আসে।

সেমিনারে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাঁদের অংশগ্রহণে আয়োজনটি স্বাস্থ্যবিষয়ক জ্ঞান বিনিময় ও কমিউনিটির সদস্যদের পারস্পরিক যোগাযোগের সুযোগ তৈরি করে।

সেমিনারে জোর দেওয়া হয় নির্ভুল স্বাস্থ্যতথ্য জানা, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া ও ইতিবাচক জীবনাভ্যাস গড়ার ওপর, যাতে ব্যক্তি থেকে পরিবার ও সমাজ পর্যন্ত সুস্থ থাকার চর্চা জোরদার হয়।