চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) বসন্ত উৎসব ‘সিসিএ স্প্রিং ফেয়ার ২০২৬’ রোববার (১১ অক্টোবর) সিডনিতে অনুষ্ঠিত হয়েছে। এতে গান গাইতে সেখানে যান রবি চৌধুরী, প্রিয়াঙ্কা বিশ্বাস ও সাগর বাউলসহ বাংলাদেশের কয়েকজন জনপ্রিয় শিল্পী ও কলাকুশলী।

ব্যাংকসটাউনের চিলি বাসিল রেস্তোরাঁয় শনিবার (১০ অক্টোবর) দুপুরে শিল্পী, কলাকুশলী ও আয়োজকদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন নওশিন করিম, যিনি উৎসবের শিরোনাম পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ‘মতিফ বাই নিধি’র উদ্যোক্তা।

মধ্যাহ্নভোজে সিথী, প্রিয়াঙ্কা বিশ্বাস, সাগর বাউল, রবি চৌধুরী, মেজবাহ ও কি-বোর্ডশিল্পী রাজীবের পাশাপাশি ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদসহ অনেকে অংশ নেন। প্রস্তুতির ফাঁকে সেখানে চলে মতবিনিময়।

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, উৎসবে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের গানের পাশাপাশি ঐতিহ্যবাহী বাঙালি খাবার, নানা পণ্যের স্টল ও বিনোদনের আয়োজন রাখা হয়। পরিবার ও বন্ধুদের নিয়ে উৎসবে আসতে সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন আয়োজকেরা; তাঁদের প্রত্যাশা ছিল, উৎসবটি সিডনিপ্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন সংস্কৃতির মানুষের মিলনক্ষেত্র হয়ে উঠবে।