অস্ট্রেলিয়ার সিডনিতে জামালপুর-শেরপুর অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (জেএসএএ) আয়োজিত ‘পিঠা উৎসব ২০২৬’ পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়। স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) গ্লেনফিল্ড কমিউনিটি হলের এ আয়োজনে জামালপুর ও শেরপুরের পাশাপাশি দেশের নানা জেলার বহু প্রবাসী যোগ দেন।

সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর ভাপা, চিতই, পাটিসাপটা, পুলি, পাকনসহ বিভিন্ন দেশীয় পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়।

আয়োজকেরা জানান, প্রবাসে বড় হওয়া নতুন প্রজন্মকে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ও খাদ্য-ঐতিহ্যের সঙ্গে পরিচয় করানো এবং কমিউনিটির সম্প্রীতি ও ভ্রাতৃত্ব দৃঢ় করাই উৎসবের লক্ষ্য।

দিনভর ছিল পরিচিতি পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুরের খাবার ও মিষ্টিমুখের আয়োজন। নামাজের বিরতির পর কমিউনিটির শিল্পীরা গান, আবৃত্তি ও নাচ পরিবেশন করেন। শেষে আগ্রহীদের নিয়ে বুশ ওয়াকেরও ব্যবস্থা ছিল।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির সদস্য এবং স্বেচ্ছাসেবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেএসএএর সদস্য ও কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়া সংগঠনের লিভারপুল শাখার সাধারণ সম্পাদক সাইয়েদা ইশরাত ফেরদৌসি বলেন, জামালপুরের সন্তান হিসেবে উৎসবে অংশ নিতে পেরে তিনি আনন্দিত; প্রবাসে সংস্কৃতি ও পারস্পরিক বন্ধন ধরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ।

তিনি আয়োজকদের আতিথেয়তা ও স্বেচ্ছাসেবকদের পরিশ্রমের প্রশংসা করেন এবং বাংলাদেশি ও অস্ট্রেলিয়ান কমিউনিটির বন্ধুত্ব জোরদারে এমন উদ্যোগ চালু থাকবে বলে আশা প্রকাশ করেন। আয়োজকেরা জানান, আগামী নভেম্বরে সংগঠনের বার্ষিক বনভোজন হবে।