অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের জনপ্রিয় ক্রীড়া আয়োজন ‘বিবিপিএ বাংলাদেশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’-এর কাপ বিভাগে শিরোপা জিতেছে আদান ও আজওয়াফ জুটি। রোববার (১২ জুলাই) সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

টানা দুই সপ্তাহান্ত ধরে চলা প্রতিযোগিতার শেষ দিনে বিভিন্ন বিভাগের সেরা খেলোয়াড়েরা শিরোপার লড়াইয়ে নামেন। খেলোয়াড়দের নৈপুণ্য, হাড্ডাহাড্ডি লড়াই ও খেলোয়াড়সুলভ আচরণ গ্যালারির দর্শকদের মুগ্ধ করে।

কাপ বিভাগে রানার্সআপ হন রবিন ও রেজা। প্লেট বিভাগে আতিক ও শামীম চ্যাম্পিয়ন এবং তানজেন ও অর্ণব রানার্সআপ হন। খেলা শেষে বিজয়ীদের ট্রফি ও পুরস্কার দেওয়া হয়।

ফাইনালের পর নৈশভোজে খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি স্পনসর, সমর্থক, অতিথি এবং কমিউনিটির বিশিষ্টজনেরা যোগ দেন। আয়োজকেরা সব খেলোয়াড়কে অভিনন্দন জানিয়ে বলেন, এবারের আসর খেলোয়াড়সুলভ মনোভাব, প্রতিযোগিতার স্পৃহা ও সৌহার্দ্যের দৃষ্টান্ত হয়ে থাকবে।

আয়োজক সংগঠন বাংলাদেশ ব্যাডমিন্টন প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (বিবিপিএ) এবারের স্পনসরদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। স্পনসর প্রতিষ্ঠানগুলো হলো কাঁচা বাজার, আউসগ্রিন সোলার সল্যুশনস, অ্যানান্ড ট্রাভেল, আলেগ্রে বার অ্যান্ড ডাইনিং, ব্লু আইজ, অফিস ২৪৭ (বিএএস অ্যাকাউন্ট্যান্ট) ও এনজোস কুচিনো (পেনসহার্স্ট)।

আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক, ম্যাচ অফিসিয়াল ও পর্দার আড়ালে কাজ করা সবাইকে এবং গ্যালারিতে থেকে খেলোয়াড়দের উৎসাহ দেওয়া দর্শকদেরও ধন্যবাদ জানানো হয়। আয়োজকদের মতে, প্রবাসী কমিউনিটিতে সুস্থ বিনোদন, খেলাধুলার চর্চা ও সম্প্রীতি বাড়াতে এবং নতুন প্রজন্মকে খেলায় আগ্রহী করতে টুর্নামেন্টটি ভূমিকা রাখছে; ভবিষ্যতে আরও বড় পরিসরে এটি আয়োজনের আশা তাদের।