অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত বাংলাদেশি শিক্ষার্থী তাকবির আহমেদের পরিবারের হাতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া ১০ হাজার ৬০০ অস্ট্রেলিয়ান ডলার তুলে দেওয়া হয়েছে। তার চিকিৎসা ও পুনর্বাসনের খরচ জোগাতে অর্থটি সংগ্রহ করে বাংলাদেশ অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটি (বিএডিআরসি)।
গত ১৯ জুলাই সিডনির লিভারপুল হাসপাতালে, ব্রেইন ইনজুরি পুনর্বাসন কেন্দ্রের সামনে ছোট একটি অনুষ্ঠানে অর্থ হস্তান্তর করা হয়। সেখানে তাকবিরের বাবা আনিসুর রহমান, বাল্যবন্ধু দীন মোহাম্মদ, বিএডিআরসির সভাপতি আজাদ আলম ও সাধারণ সম্পাদক জুবায়ের মিয়া উপস্থিত ছিলেন। সংগঠনের সদস্যদের মধ্যে ছিলেন হায়দার আলী খান, সালাহ উদ্দিন সিরাজী, রহমত উল্লাহ ও রায়হান উদ্দিন আহমেদ।
উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া তাকবির পড়ালেখার পাশাপাশি কাজও করতেন। প্রায় পাঁচ মাস আগে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার পর থেকে তিনি ওই পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন, সেরে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছেন।
দুর্ঘটনার খবরে বাবা আনিসুর রহমান দেশ থেকে অস্ট্রেলিয়ায় ছুটে যান। মুন্সীগঞ্জের এই স্বল্প আয়ের চাকরিজীবীর পক্ষে বিদেশে ছেলের দীর্ঘ চিকিৎসার খরচ চালানো কঠিন হয়ে দাঁড়ালে সহায়তার উদ্যোগ নেয় বিএডিআরসি। প্রায় ২৮ বছরের পুরোনো এই মানবিক সংগঠনের আহ্বানে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন সংবাদমাধ্যম ও প্রবাসীদের ব্যক্তিগত সহযোগিতায় তহবিলটি গড়ে ওঠে বলে অনুষ্ঠানে জানানো হয়।
চেক হাতে নিয়ে আবেগাপ্লুত আনিসুর রহমান প্রবাসী বাংলাদেশিদের সহমর্মিতা ও ভালোবাসায় অনুপ্রাণিত হওয়ার কথা জানিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ছেলের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফেরার জন্য তিনি সবার কাছে দোয়া চান।
সংগঠনের সভাপতি আজাদ আলম জানান, অন্য বছরগুলোর মতো এবারও প্রবাসীরা দেশের দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন, তাকবিরের চিকিৎসাতেও হাত বাড়িয়েছেন। এমন উদ্যোগ অব্যাহত থাকার আশা প্রকাশ করে তিনি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণের জন্য দোয়া চান।






