অস্ট্রেলিয়ার সিডনিতে বহুসাংস্কৃতিক ক্রীড়া সংগঠন ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টসের সাপ্তাহিক ব্যাডমিন্টন আয়োজনে মঙ্গলবার (২১ জুলাই) অংশ নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। ক্লাবটির অ্যাম্বাসাডর হিসেবে তার উপস্থিতিতে সদস্যদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়।
প্রতি মঙ্গলবারের এই আসর কেবল খেলায় সীমিত নেই; ব্যস্ত দিনের শেষে প্রবাসী বাংলাদেশিদের এক হওয়া, নতুনদের স্বাগত জানানো ও বন্ধন দৃঢ় করার সামাজিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এটি। খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনধারা, সম্প্রীতি ও কমিউনিটি চেতনা এগিয়ে নেওয়াই সংগঠনের মূল লক্ষ্য।
শতাধিক আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা ইমরুল টেস্ট ও ওয়ানডেতে সেঞ্চুরিসহ উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। তার অভিজ্ঞতা ও অনুপ্রেরণাদায়ী উপস্থিতি তরুণ খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের উৎসাহ জুগিয়েছে।
মেহেদী খান সংগঠনটির প্রতিষ্ঠাতা; সাধারণ সম্পাদক ও পাবলিক অফিসারের দায়িত্বও তার। তিনি জানান, শুধু একটি ক্রীড়া সংগঠন নয়, তারা এমন একটি কমিউনিটি গড়তে চান যেখানে খেলার মধ্য দিয়ে মানুষ পরস্পরের সঙ্গে যুক্ত হবে, বন্ধুত্ব গড়বে এবং আগামী প্রজন্মের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি হবে।
২০২২ সালে যাত্রা শুরু করা সংগঠনটি এখন ব্যাডমিন্টনের বাইরেও নানা সামাজিক ও ক্রীড়া কার্যক্রম চালাচ্ছে। সম্প্রতি চালু হয়েছে ‘ঈগলস হাইকিং গ্রুপ’, যার লক্ষ্য সদস্যদের প্রকৃতির কাছে নিয়ে স্বাস্থ্যকর ও সক্রিয় জীবনযাপনে উৎসাহ দেওয়া।
পরিচালনা পর্ষদে আছেন রেজাউল ইসলাম (পুলক) মজুমদার (সভাপতি), শফিকুল ইসলাম তুতুল (সহসভাপতি), মঈন আহমেদ (কোষাধ্যক্ষ), ফাহিম হাশেম (গণমাধ্যম ও বিপণন সম্পাদক) এবং ফয়সাল সিদ্দিকী ও আমিন ইসলাম (কার্যনির্বাহী সদস্য)। ক্লাবের স্লোগান—‘একসঙ্গে খেলি, একসঙ্গে যুক্ত হই, একসঙ্গে এগিয়ে যাই’।






