অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন সিডনির ঐতিহাসিক গভর্নমেন্ট হাউসে গত ২৭ জুলাই সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্গারেট বিয়াজলি এসি কেসির সঙ্গে, যিনি এনএসডব্লিউ বা নিউ সাউথ ওয়েলস রাজ্যের গভর্নর।

আলোচনায় কৃষি, শিক্ষা, বাণিজ্য, দক্ষ জনশক্তি তৈরি, অভিবাসন ও মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর প্রসঙ্গ আসে। হাইকমিশনার সিডনির প্রাণবন্ত বাংলাদেশি কমিউনিটি, বাড়তে থাকা বাংলাদেশি শিক্ষার্থী, টিএএফই-র সঙ্গে দক্ষতা উন্নয়নে কাজের সম্ভাবনা এবং খনিশিল্পে দক্ষ বাংলাদেশি কর্মীদের সুযোগের কথা তুলে ধরেন।

সম্প্রতি শিক্ষার্থীদের ভিসা আবেদন নাকচ হওয়ার চ্যালেঞ্জ, জনমিতিক সম্ভাবনা, খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের অগ্রগতি এবং বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর সুযোগ নিয়েও গভর্নরকে জানান তিনি। শিক্ষা, দক্ষতা, বাণিজ্যসহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুই পক্ষ।

মার্গারেট বিয়াজলি রাজ্যটির ৩৯তম গভর্নর হিসেবে দায়িত্বে আছেন ২০১৯ সালের ২ মে থেকে। ৪৩ বছরের বিচারিক কর্মজীবনে তিনি নিউ সাউথ ওয়েলস কোর্ট অব আপিলে প্রথম নারী প্রেসিডেন্ট এবং অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টে প্রথম পূর্ণকালীন নারী বিচারক হন; ২০২০ সালে পান দেশটির শীর্ষ বেসামরিক সম্মানগুলোর একটি, কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া (এসি)।