জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের অঙ্গীকার সামনে রেখে অস্ট্রেলিয়ার সিডনিতে ‘জুলাই রিটার্নস’ নামে স্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। স্থানীয় সময় বুধবার লাকেম্বার রেলওয়ে প্যারেডে অনুষ্ঠানটির আয়োজন করে জুলাই সংহতি অস্ট্রেলিয়া।
অনুষ্ঠানে প্রবাসীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, আহতদের সুস্থতা কামনা করেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি আবারও ব্যক্ত করেন। আলোচনা সভার পাশাপাশি ছিল কবিতা আবৃত্তি, শিশুদের আঁকা ছবির প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা ও নানা কমিউনিটি কার্যক্রম। ড. মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন নিহাল হোসেন ও ফাহাদ; কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ রাহী এবং উদ্বোধনী বক্তব্য দেন আবদুল্লাহ আল তানভীর।
আলোচনায় অংশ নেন তৌহিদ হাসান (অস্ট্রেলিয়া বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন), ডা. সিরাজুল ইসলাম (ডক্টরস ফোরাম অস্ট্রেলিয়া), ব্যারিস্টার নাসির উল্লাহ (লইয়ার্স ফোরাম অস্ট্রেলিয়া), এনসিপি নেতা সাঈদ মামুন, কাউন্সিলর মাসুদ খলিল, আবরার আহমেদ সায়েদ (গ্রিন পার্টি), ইঞ্জিনিয়ার আলতাফ হোসাইন (বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফ্রেন্ডশিপ ফোরামের সভাপতি), এনসিপি অর্গানাইজার সায়েদ ইমাম এবং ফারুক হোসাইন (কেয়ার বাংলাদেশের সভাপতি)।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়; এর চেতনা ধারণ করে মানবাধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাঁরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন এবং আহতদের যথাযথ পুনর্বাসন ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানান। দেশ ও সমাজের কল্যাণে প্রবাসীদের ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার আহ্বানও আসে তাঁদের বক্তব্যে।
এনসিপি নেতা মুকুল খান কবিতা আবৃত্তি করেন; শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা ফেরদৌস আলম, বিআইসির সভাপতি। আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস, ত্যাগ ও আদর্শ পৌঁছে দেওয়া এবং ন্যায়, অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ দৃঢ় করাই এ আয়োজনের উদ্দেশ্য; সামনেও এমন সচেতনতামূলক কর্মসূচি চলবে।






