অস্ট্রেলিয়ার মেলবোর্নে পূর্ণাঙ্গ বাংলাদেশ কনস্যুলেট বা সহকারী হাইকমিশন চালুর দাবিতে নতুন করে গণস্বাক্ষর (পিটিশন) সংগ্রহ শুরু হয়েছে। ভিক্টোরিয়ার বাংলাদেশি কমিউনিটি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অনেক দিন ধরেই এ দাবিতে সরকারের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে।

এখন ভিক্টোরিয়ার বাংলাদেশিদের বেশির ভাগ কনস্যুলার সেবার জন্য রাজধানী ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনের ওপর নির্ভর করতে হয়। পাসপোর্ট নবায়ন বা নতুন পাসপোর্ট, পাওয়ার অব অ্যাটর্নি, ভিসা, জন্মনিবন্ধন কিংবা নথি সত্যায়নের মতো কাজে অনেককে অন্য রাজ্যে যেতে হয়, নয়তো ডাকে কাগজপত্র পাঠাতে হয়; এতে খরচ, সময় ও ভোগান্তি বাড়ে।

আয়োজকদের ভাষ্য, অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের সবচেয়ে বড় জনগোষ্ঠীগুলোর একটির বাস মেলবোর্নে, আর শিক্ষার্থী, দক্ষ পেশাজীবী ও অভিবাসীদের আগমনে তা দ্রুত বাড়ছে। পিটিশনে বলা হয়েছে, সেখানে স্থায়ী মিশন হলে ভিক্টোরিয়া ও আশপাশের অঙ্গরাজ্যের প্রবাসীরা দ্রুত ও সহজে সেবা পাবেন; দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি ও মানুষে মানুষে যোগাযোগও জোরদার হবে।

অভিযানে সই করা প্রবাসীরাও দাবির পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। তাঁরা বলছেন, ক্যানবেরায় সেবা নিতে গিয়ে কর্মজীবীদের ছুটি নিতে হয়, বাড়তি টাকা খরচ হয়, আর দীর্ঘ অপেক্ষা ও প্রশাসনিক জটিলতায় দুর্ভোগ আরও বাড়ে। তাই তাঁদের কাছে এটি বিলাসিতা নয়, ন্যায্য ও জরুরি দাবি।

কমিউনিটির নেতারা আশা করছেন, সরকার প্রবাসীদের দীর্ঘদিনের এ প্রত্যাশা ইতিবাচকভাবে বিবেচনা করবে এবং মেলবোর্নে কনস্যুলেট বা সহকারী হাইকমিশন স্থাপনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।