অস্ট্রেলিয়ার সিডনির মিন্টো মসজিদে শনিবার (১৫ আগস্ট) উদযাপিত হয়েছে ‘ধর্মীয় যুব সেবা’ কর্মসূচির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনভর এ আয়োজনে নানা ধর্ম ও সংস্কৃতির তরুণদের পাশাপাশি ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটির প্রতিনিধিরা যোগ দেন।
সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা কর্মসূচিতে ছিল স্বেচ্ছাসেবা, সামাজিক কাজ, আন্তধর্মীয় সংলাপ ও মতবিনিময়। ভিন্ন বিশ্বাস ও সংস্কৃতির মানুষের মধ্যে বন্ধুত্ব, শ্রদ্ধাবোধ ও ঐক্য বাড়ানোই ছিল আয়োজনের মূল লক্ষ্য।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সাল পিস ফেডারেশন, ‘ধর্মীয় যুব সেবা’ কর্মসূচি ও মিন্টো মসজিদ যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা, বাগানের যত্ন, গাছ লাগানো ও চারপাশ সুন্দর করার কাজে হাত লাগান; এরপর দুপুরের খাবার শেষে মতবিনিময় ও আন্তধর্মীয় আলোচনা হয়।
উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর আশিকুর রহমান (অ্যাশ), নিউ সাউথ ওয়েলসের মন্ত্রী আনুল্যাক চান্থিভং এমপি এবং হাজী মোহাম্মাদ দেলোওয়ার হোসেন। কর্মসূচির সাবেক অংশগ্রহণকারী ও তরুণেরা স্বেচ্ছাসেবা, নেতৃত্ব ও সামাজিক সম্প্রীতি নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা শোনান।
১৯৮৬ সালে যাত্রা শুরু করা কর্মসূচিটি স্বেচ্ছাসেবা, বন্ধুত্ব ও সংলাপের মধ্য দিয়ে ভিন্ন ধর্ম, সংস্কৃতি ও সামাজিক অবস্থানের তরুণদের এক জায়গায় আনে। বক্তারা বলেন, ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের সরাসরি মেলামেশা এবং একসঙ্গে সামাজিক কাজ পারস্পরিক বোঝাপড়া বাড়ায় ও সামাজিক বন্ধন মজবুত করে।
‘মসজিদুর রহমান আল-জামেয়ি’ নামেও পরিচিত মিন্টো মসজিদ। সুবুরবান ইসলামিক অ্যাসোসিয়েশন ১৯৯১ সালে ৪৪ ওয়েস্টমোরল্যান্ড রোডের জায়গাটি অধিগ্রহণের পর সেখানে এর কার্যক্রম শুরু হয়। বৃহত্তর ম্যাকারথার এলাকার মুসলমানদের ইবাদত, শিক্ষা ও সামাজিক যোগাযোগের কেন্দ্র এই মসজিদে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজের পাশাপাশি শিশু-তরুণদের জন্য রয়েছে ধর্মীয় ও শিক্ষামূলক কর্মসূচি।
কাউন্সিলর আশিকুর রহমান আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, ক্যাম্পবেলটাউন স্থানীয় সরকার এলাকার পুরোনো উপাসনালয়গুলোর একটি এই মসজিদ, যা কয়েক দশক ধরে এলাকাবাসীর সেবা দিয়ে যাচ্ছে। তার মতে, নামাজের বাইরেও মানুষে মানুষে যোগাযোগ, শ্রদ্ধাবোধ ও সম্প্রীতিপূর্ণ বহুসাংস্কৃতিক সমাজ গড়ায় মসজিদটির ভূমিকা দীর্ঘদিনের, আর এই আয়োজন সেই ঐতিহ্যেরই ধারাবাহিকতা। আয়োজকদের আশা, এমন উদ্যোগ সম্প্রদায়গুলোর সম্পর্ক আরও দৃঢ় করবে।





