অস্ট্রেলিয়ার সিডনিতে শুক্রবার ও শনিবার পরপর মারা গেছেন বাংলাদেশি দুই প্রকৌশলী, শাহজাহান চৌধুরী এবং এ কে এম কামরুল ইসলাম। শনিবার (১৫ আগস্ট) আলাদা দুই মসজিদে জানাজার পর দুজনকে দাফন করা হয়েছে। তাদের মৃত্যুতে সেখানকার বাংলাদেশি কমিউনিটিতে শোক নেমে এসেছে।
সিডনির বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত মুখ শাহজাহান চৌধুরীর মৃত্যু হয় শুক্রবার সিডনির স্থানীয় সময় সকাল ৮টার দিকে, লিভারপুল হাসপাতালে। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। মরহুম হাজী আজগর আলী সাহেবের বড় মেয়ে পারভিন তার স্ত্রী; পরিবারে আরও রয়েছেন সন্তান রাতুল ও রিয়াসা।
লাকেম্বা মসজিদে শনিবার জোহরের নামাজের পর দুপুর ১২টায় শাহজাহান চৌধুরীর জানাজা হয়। এরপর কেম্পস ক্রিক মেমোরিয়াল পার্কের মুসলিম কবরস্থানে দুপুর ২টায় তাকে সমাহিত করা হয়।
অন্যদিকে দীর্ঘদিন ক্যান্সারে ভুগে শনিবার ভোরে প্রিন্স অব ওয়েলস হাসপাতালে মারা যান এ কে এম কামরুল ইসলাম। পরিবারের সদস্যরা জানান, অসুস্থতার পুরো সময়টায় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তার পাশে ছিলেন। পরিবারে রয়েছেন স্ত্রী রওশন আরা লিপি এবং আয়ান ও আনায়া নামে দুই সন্তান।
কামরুল ইসলামের জানাজা হয় শনিবার জোহরের পর দুপুর সাড়ে ১২টায়, অবার্নের মসজিদ ওমরে। এরপর গ্রিনডেল গার্ডেন সেমেট্রিতে তাকে সমাহিত করা হয়।
পরিচিত দুই প্রবাসীকে হারিয়ে স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা শোক জানিয়েছেন এবং দুই পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শোকবার্তা দিয়ে তাদের মাগফিরাত কামনা করেছেন। দুই পরিবারের পক্ষ থেকেও মরহুমদের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।






