২০২৪ সালের জুলাই–আগস্ট অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ‘জুলাই অভ্যুত্থান ২০২৬’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হাইকমিশন। সম্প্রতি আয়োজিত অনুষ্ঠান শুরু হয় আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতায়।
এরপর অভ্যুত্থান উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়। বাংলাদেশি কমিউনিটির পাঁচজন বিশিষ্ট বক্তা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন; তরুণ নেতৃত্বে গণতান্ত্রিক পরিবর্তন, জবাবদিহি, ডিজিটাল অ্যাক্টিভিজম, উন্নয়ন ও পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং দেশের স্বার্থে প্রবাসীদের ভূমিকা ও অ্যাডভোকেসি নিয়ে কথা বলেন তারা।
বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের অদম্য মনোবল ও ত্যাগের কথা স্মরণ করে শ্রদ্ধা জানান। ন্যায়ভিত্তিক, মর্যাদাপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের দেশ পুনর্গঠনের কাজে সহযোগিতা করতে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ড. শমরুহ মির্জা। শেষ পর্বে জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত আটটি প্রামাণ্যচিত্র দেখানো হয়, যেগুলোতে আন্দোলনের সংগ্রাম, আত্মত্যাগ, স্মৃতি ও ঐতিহাসিক গুরুত্ব উঠে এসেছে।






