অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজন করা হচ্ছে ‘মীনা বাজার মিউজিক্যাল নাইট ২০২৬’। বাংলাদেশ লেডিজ ক্লাব অস্ট্রেলিয়ার এই সংগীতসন্ধ্যা হবে ৩১ অক্টোবর (শনিবার), যার মূল আকর্ষণ দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর।
সিডনির কেম্পসিতে ওরিয়ন ফাংশন সেন্টারে বিকেল সাড়ে ৪টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। আঁখি আলমগীরের গানের পাশাপাশি থাকবে নানা সাংস্কৃতিক পরিবেশনা, অংশ নেবেন কমিউনিটির মানুষও।
আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিতে ২ সেপ্টেম্বর সিডনির লাকেম্বায় ধানসিঁড়ি রেস্টুরেন্টে একটি অনুষ্ঠান হয়। সেখানে টিকিট বিক্রির উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট রাহেলা আরেফিন। তাঁর সঙ্গে ছিলেন জেনারেল সেক্রেটারি কাউন্সিলর শিরিন আক্তার ও কালচারাল সেক্রেটারি ডা. ফাহিমা সাত্তারসহ ক্লাবের অন্য সদস্যরা।
আয়োজকেরা বলছেন, এটি কেবল গানের আসর নয়; পরিবার ও বন্ধুদের নিয়ে উপভোগ করার মতো সংগীত, সংস্কৃতি ও মিলনের একটি স্মরণীয় সন্ধ্যা উপহার দেওয়াই লক্ষ্য। সিডনি ও আশপাশের প্রবাসীদের সপরিবারে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছে ক্লাব।
আয়োজকদের আশা, আঁখি আলমগীরের উপস্থিতিতে আয়োজনটি এ বছর সিডনির বাংলাদেশিদের অন্যতম আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে উঠবে।






