অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের সংসদ নির্বাচনে ম্যাকুয়ারি ফিল্ডস আসনে লড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইব্রাহিম খলিল মাসুদ। তিনি ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর এবং কাউন্সিলটির সাবেক ডেপুটি মেয়র। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিডনির মিন্টোর রন মুর কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে তিনি কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়ার প্রার্থী হওয়ার কথা জানান।
অনুষ্ঠান শুরু হয় কান্ট্রি স্বীকৃতি ও আদিবাসী নৃত্য দিয়ে, এরপর গাওয়া হয় অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত। বক্তব্যে মাসুদ খলিল জানান, অনেক দিন ধরে তিনি স্থানীয় মানুষের পাশে থেকে কাজ করে আসছেন; রাজ্য সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেলে মানুষের দৈনন্দিন সমস্যা, প্রত্যাশা, কমিউনিটির দাবি ও অধিকারের কথা আরও জোরালোভাবে তুলে ধরতে চান।
প্রায় তিন দশক ধরে কমিউনিটি সেবায় যুক্ত মাসুদ খলিল স্থানীয় সরকার ও বহুসাংস্কৃতিক কমিউনিটিতে সক্রিয় থেকে মূলধারার রাজনীতিতেও নিজের জায়গা তৈরি করেছেন। ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলে কাউন্সিলর ও ডেপুটি মেয়রের দায়িত্ব পালনের পর ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনেও তিনি স্বতন্ত্র হিসেবে জিতে আবার কাউন্সিলর হন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করা মাসুদ খলিল অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি ও ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েও পড়েছেন। কোভিড-১৯ মহামারির সময় সিডনিতে শিক্ষার্থী ও অসহায় মানুষকে খাদ্যসহায়তাসহ নানা মানবিক কাজে তাঁর ভূমিকা প্রশংসিত হয়, এ জন্য সরকারি পর্যায় ও স্থানীয় কাউন্সিলের স্বীকৃতিও পান তিনি।
ক্যাম্বেলটাউন, ইংগেলবার্ন, মিন্টো ও গ্লেনফিল্ডসহ ম্যাকুয়ারি ফিল্ডস আসনের নানা এলাকায় উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশির বসবাস। ফলে এ আসনে তাঁর প্রার্থিতা মূলধারার রাজনীতিতে বাংলাদেশি-অস্ট্রেলিয়ানদের প্রতিনিধিত্বে নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। দল-মত ও কমিউনিটির পরিচয় ভুলে সবার সমর্থন, সহযোগিতা ও দোয়া চেয়েছেন মাসুদ খলিল।






