নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত মানুষের জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে অর্থ তুলেছেন সেখানকার বাংলাদেশি ও নেপালিরা। নানা সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে যৌথ এ উদ্যোগে উঠেছে প্রায় ২ হাজার ২০০ অস্ট্রেলীয় ডলার।

মিন্টোর জামিদার বাড়ি রেস্তোরাঁয় রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হয়ে কর্মসূচি চলে সাড়ে ১১টা পর্যন্ত। আয়োজন করে ম্যাকার্থার অঞ্চলের নেপালি ও বাংলাদেশি সম্প্রদায়; জনপ্রতি ১৫ অস্ট্রেলীয় ডলারে নাশতার ব্যবস্থা ছিল এবং সংগৃহীত অর্থ নেপালের দুর্গতদের কাছে পাঠানো হবে বলে জানান আয়োজকেরা।

অতিথিদের মধ্যে ছিলেন ক্যাম্পবেলটাউন সিটির মেয়র ডার্সি লাউন্ড ও ডেপুটি মেয়র মাসুদ চৌধুরী, মন্ত্রী আনুলাক চানথিভং, হিউজ আসনের সংসদ সদস্য ডেভিড মনক্রিফ, কাউন্সিলর অ্যাশ রহমান এবং আদিবাসী প্রবীণ আঙ্কেল ডেভিড বেল। ছিলেন কাউন্সিলর খলিল মুহাম্মদ মাসুদও, যিনি নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী।

আয়োজকদের ভাষ্য, দুর্যোগে বিপন্নদের পাশে থাকা সবার কর্তব্য, আর নানা সম্প্রদায় হাত মেলালেই নেপালের দুর্গত মানুষের কাছে সহায়তা পৌঁছানো সম্ভব।