অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশি সাংবাদিক, কবি, লেখক, সাহিত্যিক ও একাডেমিকদের বড় পেশাজীবী সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এবিজেএ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন হবে ২৫ অক্টোবর। এ উপলক্ষে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিডনির ব্যাংকসটাউনে চিলি বাসিল অথেন্টিক থাই রেস্টুরেন্টে সংগঠনের প্রস্তুতি সভা ও নৈশভোজ হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন সভায় সভাপতিত্ব করেন, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে সাধারণ সদস্যরাও এতে যোগ দেন। আসন্ন নির্বাচন ও এজিএম, সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য নেওয়া, সংগঠনের চলমান কাজ এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে সভায় কথা হয়।

ঘোষিত সূচি অনুযায়ী, নতুন সদস্য সংগ্রহ চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত, আর সদস্যপদের আবেদন যাচাই হবে ১ থেকে ৫ অক্টোবর। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ৭ থেকে ১৫ অক্টোবর; ১৫ থেকে ২০ অক্টোবর মনোনয়নপত্র বাছাইয়ের পর প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

সভায় বক্তব্য রাখেন ড. রতন কুন্ডু, দিলারা জাহান, আকিদুল ইসলাম, এএইচএম মাসুম বিল্লাহ, সৈয়দা ইশরাত সুলতানা, সুহৃদ সোহান হক ও আসিফ ইকবালসহ অন্য সদস্যরা। তাঁরা নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে প্রস্তুতি জোরদার ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন। বক্তাদের মতে, সদস্যদের মধ্যে পেশাগত যোগাযোগ বাড়ানো, একে অপরের পাশে দাঁড়ানো ও কল্যাণমূলক কাজে এবিজেএ সক্রিয়, আর কার্যক্রম বাড়াতে নবীন ও প্রবীণ পেশাজীবীদের আরও যুক্ত করা দরকার।

সভায় কমিউনিটি নেতা ও প্রবীণ সাংবাদিক শরিফ আল মোমিনের মৃত্যুতে শোক প্রস্তাব নেওয়া হয়, তাঁর আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। তাঁর ছোট ভাই মোহাম্মদ জিয়াউল কবির জিহন এবিজেএর প্রেস ও মিডিয়া কমিউনিকেশন সেক্রেটারি।

বাংলাদেশি সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ পেশাজীবী সংগঠন গড়ার লক্ষ্যে ২০১৪ সালে এবিজেএর উদ্যোগের সূচনা। সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের হাত ধরে ২০১৭ সালে কার্যক্রম আরও গোছানো হয় এবং পরে বর্তমান নাম নেওয়া হয়। দুর্যোগ ও সংকটে সাংবাদিক, কমিউনিটির সদস্য এবং বাংলাদেশের দুর্গত মানুষের পাশে দাঁড়াতেও নানা উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

সভার শেষে সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন সংগঠনের কাজে আরও গতি আনার অঙ্গীকার করেন। এজিএম ও নির্বাচন সফল করতে সদস্যদের এক হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।