আসন্ন নির্বাচনের আগে সদস্যদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এবিজেএ)। প্রবাসী লেখক, সাংবাদিক ও একাডেমিকদের এই ফেডারেল সংগঠন সূচি মেনে আবেদন যাচাই শেষে ফাইন্যান্সিয়াল ও নন-ফাইন্যান্সিয়াল দুই ধরনের সদস্যের নাম ঘোষণা করেছে।

সংগঠনের সদস্য বাছাই কমিটি আবেদনকারীদের পেশাগত পরিচয়, কাগজপত্র, আবেদনের তথ্য ও সংগঠনের নীতিমালা মিলিয়ে আবেদনগুলো পর্যালোচনা করে। সংশ্লিষ্টদের দাবি, পুরো প্রক্রিয়ায় নিয়ম, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয়েছে।

কমিটি জানিয়েছে, কিছু আবেদন সদস্যপদের জন্য গ্রহণ করা হয়নি। কয়েকজন আবেদনকারী নিজের কর্মরত গণমাধ্যমের নাম লেখেননি, কয়েকটি আবেদনে প্রস্তাবক ও সমর্থকের নাম বা স্বাক্ষর ছিল না, আবার কিছু আবেদনের তথ্য অসম্পূর্ণ থাকায় শর্ত পূরণ হয়নি।

চূড়ান্ত তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন ড. রতন কুণ্ডু, মোহাম্মাদ আবদুল মতিন, দিলারা জাহান, ফয়সাল আহমেদ, প্রফেসর ড. ওয়ালি উল ইসলাম, হায়াত মাহমুদ, আতাউর রহমান, প্রফেসর ড. মোহাম্মাদ মিজানুর রহমান, মুনা মোস্তফা, ড. সুলতান মাহমুদ, শ্রাবন্তী কাজী, এহতেশামুল মুজিব মৃদুল, আসিফ ইকবাল, এমডি শরীফুল ইসলাম স্বপন, সঞ্জয় চক্রবর্তী তাবু, প্রদীপ কুমার শীল ও পল সি মধু।

সিডনির রেড রোজ ফাংশন সেন্টারে ভোট গ্রহণ হবে আগামী রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টায়। কেবল ফাইন্যান্সিয়াল সদস্যরাই ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন; মনোনয়নপত্র জমার শেষ দিন ১৫ অক্টোবর।

প্রবাসে বাংলা সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে যুক্ত পেশাজীবীদের ঐক্য ও সহযোগিতা বাড়াতে এবিজেএ ১২ বছর ধরে কাজ করে আসছে। সংগঠনের আগামী নেতৃত্ব বেছে নেওয়ার পাশাপাশি পেশাগত সংহতি জোরদারের সুযোগ হিসেবে দেখা হচ্ছে এবারের ভোটকে। সংশ্লিষ্টদের আশা, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও পারস্পরিক শ্রদ্ধার মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট হলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।