নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধি, কৃত্রিম সংকট ও অনিয়ম ঠেকাতে একযোগে ৩৬ জেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (২৫ অক্টোবর) এসব অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১০১টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, অধিদপ্তরের ৫২টি বিশেষ দল বিভিন্ন জেলার পাইকারি ও খুচরা বাজারে তদারকি চালায়। ভোজ্যতেল ও মসলাসহ প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যের বাজারে নজরদারি জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ভোজ্যতেল, পেঁয়াজ, আদা ও রসুনসহ রান্নায় ব্যবহৃত পণ্যের বাজারে। এসব পণ্যের কৃত্রিম সংকট তৈরি, যৌক্তিক কারণ ছাড়া দাম বাড়ানো এবং সরবরাহে বাধা দেওয়ার মতো কর্মকাণ্ড রোধ করাই ছিল তদারকির মূল উদ্দেশ্য।
অভিযান পরিচালনাকারী দলগুলো ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্য কেনা ও বিক্রির ভাউচার পরীক্ষা করে। পাশাপাশি ক্রেতাদের চোখে পড়ে এমন স্থানে হালনাগাদ মূল্যতালিকা রয়েছে কি না এবং পণ্য সঠিক ওজনে বিক্রি হচ্ছে কি না, তা যাচাই করা হয়।
ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শনের পাশাপাশি ডিজিটাল যন্ত্রে ওজন করে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পণ্য ক্রয়-বিক্রয়ের যথাযথ নথিপত্র সংরক্ষণ করতেও বলা হয় তাঁদের।
অধিদপ্তর জানায়, অযৌক্তিকভাবে পণ্য মজুত কিংবা সরবরাহে প্রতিবন্ধকতা তৈরির মতো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজারে সচেতনতা বাড়ানোর জন্য অভিযানের সময় ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক প্রচারপত্রও বিতরণ করা হয়।
তদারকি কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বাস্থ্য পরিদর্শকেরা সহযোগিতা করেন। এতে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বণিক সমিতির প্রতিনিধিরাও সহায়তা দেন।
ভোক্তাদের উদ্দেশে অধিদপ্তরের পরামর্শ, আতঙ্কের কারণে প্রয়োজনের চেয়ে বেশি পণ্য কেনা থেকে বিরত থাকতে হবে। কেনার আগে পণ্যের মেয়াদ ও সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) দেখে নেওয়ার পাশাপাশি অবশ্যই ক্যাশমেমো অথবা ক্রয়ভাউচার সংগ্রহ করতে বলা হয়েছে।
পণ্য কেনাবেচায় প্রতারণা, দামে কারসাজি কিংবা অন্য কোনো অনিয়মের শিকার হলে অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। পণ্যের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা ও ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে বাজার তদারকি চলবে বলে জানিয়েছে অধিদপ্তর।
Source: জাগো নিউজ২৪






