ভোলা সদর পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. আহাদ হোসেনকে (৩৮) ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৫ অক্টোবর) ইকবাল রোডে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা। আহাদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোলা সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
জুয়েল রানা জানান, গোপন সূত্রে খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ইকবাল রোড এলাকায় অভিযান চালায়। ওই অভিযানেই সাবেক এই কাউন্সিলর ও প্যানেল মেয়রকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এই কর্মকর্তার ভাষ্য, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, আহাদ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখছিলেন। ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং আওয়ামী লীগের মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে অভিযোগ করেন জুয়েল রানা।
গ্রেপ্তার আহাদ হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Source: জাগো নিউজ২৪






