দিনাজপুরের পার্বতীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ১ নম্বর বেলাইচন্ডি ইউনিয়নের রাবেয়ার মোড় সোনাপুকুরে এ ঘটনা ঘটে বলে জাগো নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।
মনোরঞ্জন রায় পার্বতীপুরের চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এরপর ওই শিক্ষকের মৃত্যু হয়। ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেনও ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মনোরঞ্জন রায়ের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
Source: জাগো নিউজ২৪






