চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদীতে অভিযান চালিয়ে দুই হাজার মিটার দৈর্ঘ্যের চারটি অবৈধ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার টাকা।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নদীর রামদাস মুন্সির হাট থেকে মোহরা পর্যন্ত বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানে তিনটি অবৈধ ভাসা জাল ও একটি বেহুন্দি জাল জব্দ করা হয়।

অভিযান শেষে জব্দ করা জালগুলো রামদাস মুন্সির হাটসংলগ্ন নদীর পাড়ে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী বলেন, হালদা নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা, অবৈধভাবে মা মাছ শিকার বন্ধ এবং ধ্বংসাত্মক জাল থেকে নদীর প্রাকৃতিক প্রজননক্ষেত্র সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, হালদা নদী মিঠাপানির মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র এবং সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ। কার্পজাতীয় মাছের প্রজনন ও মা মাছের নিরাপদ পরিবেশ রক্ষায় নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪