মাগুরার শালিখায় ফটকি নদীতে অভিযান চালিয়ে শতাধিক চায়না দুয়ারি জাল ও দুটি বেহুন্দি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। জব্দ করা এসব অবৈধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা। অভিযান শেষে জব্দ করা জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের ফটকি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি উপস্থিত ছিলেন।

অভিযানে নদী থেকে জব্দ করা হয় শতাধিক চায়না দুয়ারি জাল। এসব জালের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। এ ছাড়া জব্দ করা হয় দুটি বেহুন্দি জাল, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা।

অভিযান শেষে জব্দ করা জালগুলো আড়পাড়া আইডিয়াল হাইস্কুল মাঠে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জনসমক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান বলেন, অবৈধ জালের ব্যবহার বন্ধ করা, নদীতে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও জানান, অবৈধ জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Source: জাগো নিউজ২৪