ময়মনসিংহের মুক্তাগাছায় ৩৫ বস্তাভর্তি ঘোড়ার হাড়গোড় ও চামড়াসহ বিভিন্ন দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর এলাকার মাংসের বাজারে গরুর মাংস নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার নতুন বাইপাস এলাকায় বস্তাগুলো প্রথমে এলাকাবাসীর নজরে আসে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, নতুন বাইপাসে ফেলে রাখা বস্তাগুলো নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতূহল তৈরি হয় এবং সেখানে মানুষের ভিড় বাড়তে থাকে। পরে বস্তা খুলে দেখা যায়, ভেতরে রয়েছে ঘোড়ার হাড়গোড় ও চামড়া। তবে এসব বস্তা কে বা কারা ফেলে গেছেন, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

স্থানীয়দের অভিযোগ, একটি চক্র ঘোড়া জবাই করে মাংস অন্যত্র সরিয়ে নিয়ে গরুর মাংস বলে বিক্রি করছে। এ বিষয়ে প্রশাসনের তদন্ত জরুরি বলে তারা মনে করছেন।

ঘটনার বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র জানান, ঘোড়ার এসব দেহাবশেষ কোথা থেকে এবং কারা এনেছে তা তদন্ত করে বের করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বস্তাগুলো মাটিচাপা দেওয়ার কাজ চলছে।

Source: জাগো নিউজ২৪