মিয়ানমারে পাচারের অভিযোগে চট্টগ্রামের পতেঙ্গায় ৪০ হাজার কেজি (৪০ টন) সিমেন্টসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। অভিযানে পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪ লাখ টাকা মূল্যের সিমেন্ট জব্দ করা হয়। ওই সময় বোটসহ আটজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Source: জাগো নিউজ২৪






