নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী ও আট বছর বয়সী মেয়ে এবং অপর মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের দুর্গাপুর মোড়সংলগ্ন লাউড়িবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবরটি প্রথম প্রকাশ করেছে জাগো নিউজ।

নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা মাহমুদুল হক শাহীন (৪০) ও তাঁর ছেলে রাজিন (৫)। শাহীন কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।

আহতদের মধ্যে রয়েছেন শাহীনের স্ত্রী তুহিন আক্তার ও তাঁদের আট বছর বয়সী মেয়ে। তাৎক্ষণিকভাবে মেয়ের নাম জানা যায়নি। অপর মোটরসাইকেলের চালক নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে সাফিক মিয়া (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহীন ও তাঁর ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চিকিৎসা দেওয়া হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Source: জাগো নিউজ২৪