সিরাজগঞ্জের মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল চলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শকসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। পুলিশ বিভাগের একটি সূত্র বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছে।
ক্লোজড হওয়া চারজন হলেন যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুর রহমান, কনস্টেবল নাসিমুজ্জামান, কনস্টেবল মোরশেদুল ইসলাম এবং পিকআপচালক আব্দুল গফুর।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু ও যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি। পরে খুদেবার্তা পাঠানো হলেও তাঁদের কোনো সাড়া পাওয়া যায়নি।
ঘটনার সূত্রপাত যেভাবে
গত বুধবার ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা টহল পুলিশের গাড়ির সামনে একটি ঝটিকা মিছিল করেন। ওই মিছিলের ১ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও একই দিন দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, একরামুল হক নামে এক যুবলীগ নেতার ব্যানার হাতে মিছিলের সামনে কয়েকজন ব্যক্তি ছিলেন। মিছিলে অন্তত ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী অংশ নেন এবং তাঁরা ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
ভিডিওতে আরও দেখা যায়, একটি টহল পুলিশের গাড়ি মিছিলের দিকে এগিয়ে আসছে। তবে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হুংকারের মুখে পড়ে পুলিশ সদস্যরা মিছিলটি ক্রস করে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যান।
চারজন গ্রেপ্তার, কারাগারে
ঘটনার পর পুলিশ চারজনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে লিটন শেখ (৪৫), দত্তবাড়ি মহল্লার মৃত সাইদুল ইসলামের ছেলে ছাত্রলীগের কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮), চক কোবদাসপাড়া মহল্লার মৃত শওকত আলীর শেখের ছেলে যুবলীগ কর্মী চান শেখ (৪৫) এবং সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মুলিবাড়ী গ্রামের কোরবান আলীর ছেলে আরমান (৩৩)।
গ্রেপ্তারের বিষয়টি সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান ও কামারখন্দ থানার ওসি হাসেম আলী নিশ্চিত করেছেন।
Source: জাগো নিউজ২৪






