চুয়াডাঙ্গায় তিন দিনের ব্যবধানে ফের একটি আহত গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রাম থেকে বিপন্ন প্রজাতির প্রাণীটি উদ্ধার করা হয়।

পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ প্রাণীটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গন্ধগোকুলের একটি দল প্রায়ই লোকালয়ে ঢুকে বাড়ির কবুতর ও মুরগির বাচ্চা ধরে নিয়ে যায়। রোববার খাবারের খোঁজে একটি গন্ধগোকুল লোকালয়ে ঢুকে পড়লে কয়েকজন শিশু ও নারী সেটিকে আঘাত করেন। এরপর স্থানীয় কয়েকজন যুবক প্রাণীটিকে নিজেদের হেফাজতে নেন।

খবর পেয়ে সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত প্রাণীটি উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি ও বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলু জানান, উদ্ধার করা প্রাণীটি এশিয়ান পাম সিভেট। স্থানীয়ভাবে এটি তাল খাটাশ, ভাম বা খাটাশ নামেও পরিচিত।

তিনি বলেন, আবাসস্থল ও খাদ্যসংকটের কারণে প্রাণীটি বর্তমানে হুমকির মুখে পড়েছে। মাঠে সংরক্ষিত পদ্ধতিতে চাষাবাদের কারণে তাদের স্বাভাবিক বিচরণক্ষেত্র ও শিকারের জায়গা কমে আসছে। ফলে খাবারের খোঁজে তারা লোকালয়ে ঢুকতে বাধ্য হচ্ছে এবং মানুষের সঙ্গে সংঘাত বাড়ছে।

Source: জাগো নিউজ২৪