জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার করিমপুর ত্রিমুহনী মোড় এলাকার একটি ভাড়া বাসার টয়লেট থেকে রুবেল (৫০) নামে এক কসাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ নভেম্বর) সন্ধ্যার পর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুবেল কালাই উপজেলার মূলগ্রামের লালচান ওরফে মন্টুর ছেলে। তিনি পেশায় কসাই ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, কয়েক মাস আগে পারিবারিক কলহের কারণে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি ক্ষেতলালের ওই ভাড়া বাসায় একাই থাকতেন। স্থানীয়দের বরাত দিয়ে জানানো হয়েছে, তাঁর হৃদরোগের সমস্যাও ছিল।

নিহত রুবেলের মহাজন সাহেব কসাই জানান, সোমবার বিকেলে তিনি রুবেলের বাসার দরজায় গিয়ে একাধিকবার ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহায়তায় এবং রুবেলের ছেলেদের খবর দিয়ে বাসার গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় টয়লেটের ভেতরে রুবেলের মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে রুবেলের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Source: জাগো নিউজ২৪