গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যাও বাড়ানো হয়েছে। সোমবার এখানে ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করলেও মঙ্গলবার তা এক প্লাটুন বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ জন থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, এসব ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চল গাজীপুরে চলমান শ্রমিক বিক্ষোভের কারণেই এই নিরাপত্তা ও প্রশাসনিক জনবল বাড়ানো হয়েছে। নতুন এই বন্দোবস্তে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবেন।
এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত গাজীপুরের কোথাও কোনো মহাসড়ক বা আঞ্চলিক সড়কে কারখানার শ্রমিকদের অবস্থান নেওয়ার খবর পাওয়া যায়নি। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকদের দলবদ্ধভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে।
Source: জাগো নিউজ২৪






