চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে মো. হাশেম (৩৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ধারণা, হাশেমকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রাখা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাছবাড়ীয়া এলাকায় মহাসড়কের বরুমতি ব্রিজের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহত হাশেম একই উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বাদশারপাড়া এলাকার বানু মিয়ার ছেলে।
চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ হাশেমকে হত্যা করে মরদেহটি ব্রিজের পাশে ফেলে গেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।
Source: জাগো নিউজ২৪






