সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিষিদ্ধ পিরানহা মাছ মজুত ও বিক্রির অভিযোগে ২৬ মণ মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা মাছ পরে স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সলঙ্গা ইউনিয়নের কুতুবের চর মৎস্য আড়তে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবিরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানের বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, কুতুবের চর মৎস্য আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে বলে তাঁরা খবর পান। সেই খবরের ভিত্তিতে আড়তে অভিযান চালিয়ে ২৬ মণ পিরানহা মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
শরিফুল ইসলাম আরও জানান, পিরানহা দেশীয় মাছের জন্য ক্ষতিকর একটি প্রজাতি। জলাশয়ে এই মাছ ছড়িয়ে পড়লে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে। এ কারণে দেশে পিরানহা মাছের চাষ ও বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এই মাছ খেলে মানবদেহে কোনো ঝুঁকি নেই, তাই মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অভিযানের সময় থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Source: জাগো নিউজ২৪






