আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। ওই দিন পাবনা রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচলের উদ্বোধন করা হবে। রেলপথ মন্ত্রণালয় এ রুটে একজোড়া নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে, যার নাম হবে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়। সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এবং মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন ট্রেন পরিচালনার জন্য ভারত থেকে আনা ১৮টি কোচ গত ১৬ অক্টোবর বাংলাদেশে পৌঁছেছে। বর্তমানে কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় রয়েছে এবং এসব কোচ দিয়ে ট্রেন চালুর প্রস্তুতি চলছে।

প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে সকাল ৮টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে। অন্যদিকে ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ছেড়ে পাবনায় পৌঁছাবে রাত ৯টা ২০ মিনিটে। তবে ট্রেন দুটির যাত্রাবিরতি ও সময়সূচি এখনো প্রস্তাবের পর্যায়ে রয়েছে। সংশোধনী প্রস্তাবটি অনুমোদনের জন্য বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

Source: জাগো নিউজ২৪