রাজধানী থেকে প্রধানমন্ত্রী যদি প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষের সঙ্গে যোগাযোগ করতে চান, তাঁর মাধ্যম হিসেবে কাজ করেন গ্রামপুলিশের সদস্যরা। সেই বিবেচনায় গ্রামপুলিশকে তৃণমূল পর্যায়ের সরকার বলে মন্তব্য করেছেন সাবেক তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) এম জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার ৬৪ জন গ্রামপুলিশ সদস্যের মধ্যে বাইসাইকেল ও পোশাক এবং তাঁদের সহধর্মিণীদের জন্য শাড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে গ্রামপুলিশদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন জানান, আইনশৃঙ্খলা রক্ষার প্রাথমিক ও গুরুত্বপূর্ণ কাজে গ্রামপুলিশকে ব্যবহার করা হয়। এই জনবলকে পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে সাধারণ মানুষের সেবা দেওয়া আরও সহজ হবে। এই ভাবনা থেকেই সরকার তাঁদের প্রণোদনা দেওয়ার পরিকল্পনা নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সেই পরিকল্পনার অংশ হিসেবে গ্রামপুলিশ সদস্যদের পোশাক, জুতা ও সাইকেল দেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে তিনি জানান।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রী এই বিশাল গ্রামপুলিশ বাহিনীর উদ্দেশে নীতিনির্ধারণী বক্তব্য দেবেন। গ্রামপুলিশদের দাবিসংক্রান্ত বার্তা তিনি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন বলেও এ সময় উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন।

Source: জাগো নিউজ২৪