কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রাম রেঞ্জে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫ জনকে আটক ও গ্রেফতার করেছে পুলিশ। আটক-গ্রেফতারদের মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক রয়েছেন ৫৪৯ জন।

শুক্রবার (১৩ নভেম্বর) থেকে শনিবার (১৪ নভেম্বর) সকাল পর্যন্ত চলা এই ২৪ ঘণ্টার অভিযানে তাঁদের আটক ও গ্রেফতার করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

ডিআইজি জানান, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় রয়েছেন ৮৫ জন, আগের মামলায় ১২৪ জন। পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৫০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৩ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া পরোয়ানাভুক্ত ১৩৫ জন ও সাজা পরোয়ানাভুক্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক অভিযানে যা উদ্ধার হলো

মাদক মামলায় ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে মাদক বহনের অভিযোগে রয়েছেন চারজন এবং মাদক সেবনের অভিযোগে ৫৭ জন। নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারি হিসেবে আরও ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। ফলে মাদকবিরোধী অভিযানে মোট গ্রেফতার হয়েছেন ১২২ জন।

অভিযানে ১১ হাজার ৩৪৬টি ইয়াবা, ২১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল স্কাফ সিরাপ, দুই বোতল বিদেশি মদ ও ১০ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৪১টি মাদক মামলা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জনকে কারাদণ্ড এবং ৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

নিষিদ্ধ সংগঠনের ৮৩ সদস্য গ্রেফতার

অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে চট্টগ্রামে ২৫, কুমিল্লায় ২১, চাঁদপুরে ১০, লক্ষ্মীপুরে ৯, কক্সবাজারে ৫, ব্রাহ্মণবাড়িয়ায় ৪, নোয়াখালী ও ফেনীতে ৩ জন করে, খাগড়াছড়িতে ২ এবং বান্দরবানে একজন রয়েছেন।

কিশোর গ্যাং: কুমিল্লায় সর্বোচ্চ আটক

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৪৯ জনের মধ্যে ৩৩৮ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ২২৪ জন কিশোর গ্যাং সদস্য আটক হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ৭৬, লক্ষ্মীপুরে ৫৩, ফেনীতে ৫২, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮, কক্সবাজারে ৩০, চাঁদপুরে ২৫, নোয়াখালীতে ২০, রাঙামাটিতে ১৩, খাগড়াছড়িতে ১০ ও বান্দরবানে ৮ জনকে আটক করা হয়েছে।

জনস্বার্থে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Source: জাগো নিউজ২৪