রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাত কর্মীকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। এছাড়া পৃথক অভিযানে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে আকতার হোসেন জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১টার দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, থানায় দায়ের করা নাশকতার মামলায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একই থানা এলাকায় অভিযান চালিয়ে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও ডিএমপির এই কর্মকর্তা জানান।

Source: জাগো নিউজ২৪