ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে বুধবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে বাড়ির তিনটি কক্ষ ও বাড়ির সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরে যায় এবং আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বাড়িতে থাকা রহিম উল্লাহর ভগ্নিপতি রফিকুল ইসলাম জানান, রাত দুইটার দিকে ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী ব্যক্তি বাড়ির দেওয়াল টপকে ভেতরে ঢুকে পড়ে। প্রথমে তাঁরা বাড়ির মূল্যবান মালামাল লুট করে নিয়ে যান। এরপর পেট্রোল ঢেলে বাড়ির তিনটি কক্ষে এবং সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে রফিকুল ইসলাম ছাড়া পরিবারের অন্য কেউ উপস্থিত ছিলেন না।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, হাজী রহিম উল্লাহ আওয়ামী লীগের জেদ্দা শাখার সাবেক সভাপতি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের অক্টোবরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। সম্প্রতি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪