চট্টগ্রাম নগরের পাঁচলাইশে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির একটি পরিত্যক্ত কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পর বাড়িটির আশপাশে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে পাঁচলাইশ এলাকায় ওই বাড়ির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বাড়িটির আশপাশে পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় নিচতলার একটি কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না। দ্বিতীয় ও তৃতীয় তলায় ড. ইউনূসের দুই ভাইয়ের পরিবার থাকে।
অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, পুলিশ তা খতিয়ে দেখছে বলে ওসি উল্লেখ করেন।
শৈশবের স্মৃতি জড়ানো বাড়ি
ড. মুহাম্মদ ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে পাঁচলাইশের এই বাড়িতে। তাঁর মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে।
এর আগে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
Source: জাগো নিউজ২৪






