গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো অবস্থাতেই মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. আসাদুজ্জামান গনি। তিনি বলেছেন, প্রাথমিক পর্যায়ে তাঁদের কাছে এ ধরনের নির্দেশনা রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান গনি জানান, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে তাঁরা যথাসম্ভব সাউন্ড গ্রেনেড ও অন্যান্য কৌশল অবলম্বনের চেষ্টা করবেন।
তিনি আরও জানান, বর্তমানে গোপালগঞ্জে যারা অশান্তি সৃষ্টি করতে চায়, তাদের হাত থেকে সাধারণ মানুষের জান ও মালের নিরাপত্তা দিতে আজ থেকেই ৮ প্লাটুন আনসার মাঠে দায়িত্ব পালন শুরু করেছে।
স্থানীয় জনগণ যতদিন আনসার বাহিনীর উপস্থিতি প্রয়োজন মনে করবেন, ততদিন এই বাহিনী অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে যাবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে প্লাটুনভিত্তিক টহল ও দায়িত্ব পরিচালনা করা হবে বলেও জানান আসাদুজ্জামান গনি।
সংবাদ সম্মেলনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






