দ্বিপক্ষীয় সম্পর্ক ও সার্বিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে যৌথ পরামর্শ কমিশন গঠিত হয়েছে। এ লক্ষ্যে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই মন্ত্রী যৌথ পরামর্শ কমিশন গঠনের বিষয়ে সমঝোতা স্মারকে সই করেন।
বৈঠকে দুই দেশের মন্ত্রী সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং উভয় দেশের সরকারের মোকাবিলা করা অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এসব চ্যালেঞ্জ উত্তরণে দুই দেশের নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়েও তাঁরা মতবিনিময় করেন।
এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় পর্যালোচনায় দুই দেশের উচ্চপর্যায়ের সফর বিনিময়ে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।
সমঝোতা স্মারক অনুযায়ী, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের মাধ্যমে যৌথ পরামর্শ কমিশন সার্বিক সহযোগিতা এগিয়ে নিতে কাজ করবে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
Source: জাগো নিউজ২৪






