প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আলোকিত লালমনিরহাট’ যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, তা দেশের বাকি ৬৩ জেলাতেও সম্প্রসারণ করা প্রয়োজন। তিনি বলেন, সব সমস্যার সমাধান কেবল আইনের মাধ্যমে সম্ভব নয়; সামাজিক সংগঠনের মাধ্যমে সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বেচ্ছাসেবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, গত কয়েক মাসে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তাঁর অভিজ্ঞতা হয়েছে—সব সমস্যা আইনের মাধ্যমে সমাধান করা যায় না। সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে অনেক সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ মডেল বাংলাদেশের প্রতিটি জেলায় প্রয়োজন।

বিগত সময়ের সামাজিক অবক্ষয়ের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ এক অস্বাভাবিক সময়ের মধ্য দিয়ে গেছে; মানুষ ভয়ের মধ্যে ছিল। তিনি বলেন, ওই সময়ে এক ধরনের সামাজিক অবক্ষয় দেখা গেছে, যেখানে মান্যগণ্য ও গুণী ব্যক্তিদের অপদস্ত করা হতো। এই পরিস্থিতি থেকে উত্তরণে আলোকিত লালমনিরহাটের মতো সংগঠন সারাদেশে দরকার বলে তিনি মনে করেন। সরকার গঠনের পর থেকে জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।

সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এখানে বিভিন্ন মত, ধর্ম ও নানা শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। সবাই মিলেমিশে কাজ করলে যে পরিবর্তন আনা সম্ভব, আলোকিত লালমনিরহাট তা প্রমাণ করেছে। তিনি বলেন, আজ বড় আনন্দের দিন, কারণ সংগঠনটির সব সদস্য এক ছাদের নিচে সমবেত হয়েছেন।

জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহৎ দেশ উল্লেখ করে তারেক রহমান বলেন, পরবর্তী প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে হবে।

পরিবেশ দূষণ ও মাদক সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, নদী-নালা, খাল-বিল আবর্জনায় ভরে আছে, যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যত্রতত্র আবর্জনা না ফেলে পরিবেশ রক্ষা করতে হবে। তিনি বলেন, এই জেলায় মাদক সমস্যা রয়েছে এবং তা নিরসনে অনেকে অনেক চেষ্টা করছেন; সম্মিলিতভাবে এসব সমস্যা দূর করতে হবে।

বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, বেশি বেশি গাছ লাগাতে হবে। নির্বিচারে গাছ কেটে ফেলার কারণে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, ছোটোবেলায় প্রজাপতি দেখা যেত, এখন আর তা দেখা যায় না। ফুল, ফল এবং অর্থনৈতিক গুরুত্বের কথা বিবেচনা করে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি ও জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এবং আলোকিত লালমনিরহাটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪