নির্দেশ পেলেই নতুন ভৌগোলিক এলাকাসহ যেকোনো স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি রয়েছে বলে দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মহাকাশ বাহিনীর প্রধানের জ্যেষ্ঠ উপাদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি এ কথা বলেছেন বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। আল-জাজিরা এই বক্তব্যের খবর প্রকাশ করেছে।

ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে বেলালি বলেন, ক্ষেপণাস্ত্রের সংখ্যা, অবস্থান ও স্থাপনার ক্ষেত্রে ইরানের কোনো সীমাবদ্ধতা নেই। এ বিষয়ে প্রয়োজনীয় সক্ষমতা ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং নির্দেশ পেলেই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় শত্রুদের বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে থাডের মতো অত্যাধুনিক প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করতে হচ্ছে।

বেলালির ভাষ্য অনুযায়ী, ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। কোনো শত্রুপক্ষ হামলা চালালে তারা যেখানেই থাকুক, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়বে।

এ সময় ইরানের শত্রুদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, আলোচনা, সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ স্থানান্তর এবং সামরিক হুমকির মতো বিষয় সামনে এনে ইরানকে নিয়ে বিভ্রান্তি ও সন্দেহ তৈরির চেষ্টা করা হচ্ছে।

বেলালি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করার পরিণতি সম্পর্কে অঞ্চলের দেশগুলো এখন বুঝতে পারছে।

Source: জাগো নিউজ২৪