মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে এফডব্লিউসিএমএস-ভুক্ত মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে; এর বেশি অর্থ আদায় করা যাবে না। একই সঙ্গে ‘মাইগ্রাম’ নামে কোনো অর্থ আদায়ও নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিকেল স্লিপ ইস্যু করতে হবে। তবে ওই সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি স্লিপ দেওয়া যাবে। নির্ধারিত সীমার বাইরে নিজের ইচ্ছায় বা অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে কোনো মেডিকেল সেন্টার স্লিপ ইস্যু করতে পারবে না।

প্রতিটি মেডিকেল সেন্টারকে প্রতিদিন সম্পন্ন হওয়া পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন তৈরি করে সংরক্ষণ করতে হবে এবং সেই প্রতিবেদন অনলাইনে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। পরীক্ষার্থীর নাম, পাসপোর্ট নম্বর ও ভিসা নম্বরসহ প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে ওই প্রতিবেদনে থাকতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে বারবার মেডিকেল পরীক্ষা করানো যাবে না। ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, সরবরাহ কিংবা ব্যবহারও করা যাবে না। এসব বিষয়ে মেডিকেল সেন্টারগুলোকে সর্বোচ্চ সতর্কতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগ পাওয়ার আগে আনফিট ঘোষিত হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকেই ওই কর্মীর সব ব্যয়ভার বহন করতে হবে। দেশে ফেরত পাঠানোসহ সংশ্লিষ্ট সব খরচও ওই সেন্টারকে দিতে হবে।

মেডিকেল পরীক্ষার মান নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি, পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম এবং পর্যাপ্ত চিকিৎসাসেবা-সংক্রান্ত সুযোগ-সুবিধা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম মেনে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে হবে। পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা রাখতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো মেডিকেল সেন্টার এসব শর্ত লঙ্ঘন করলে জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ কার্যক্রম তদারকিতে মন্ত্রণালয় থেকে শক্তিশালী মনিটরিং টিম গঠন করে কঠোর নজরদারি চালানো হবে। এ ছাড়া প্রতিটি মেডিকেল সেন্টারের প্রবেশপথের সামনে দৃশ্যমান স্থানে বড় আকারের বিলবোর্ড স্থাপন করতে হবে।

Source: জাগো নিউজ২৪