বরিশাল থেকে নিখোঁজ হওয়া জেলা জজ আদালতের সিভিল জজ শেখ ফারহান নাদীমকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে তাঁকে উদ্ধার করা হয়।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিচারক নাদীম একাই কুয়াকাটায় এসে ওই হোটেলে উঠেছিলেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিখোঁজ বিচারক একাই ঘুরতে কুয়াকাটায় গিয়েছিলেন, তাঁর সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইলফোন বন্ধ থাকায় তাঁকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। পরে পুলিশের তৎপরতায় তাঁর সন্ধান পাওয়া যায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, বিচারককে উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বরিশাল থেকে পুলিশের একটি দল আসছে। তাদের সঙ্গে আলোচনা করে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, শেখ ফারহান নাদীম কুয়াকাটার আবাসিক হোটেল সি-ভিউয়ের ১৩ নম্বর কক্ষে অবস্থান করছিলেন।

হোটেলটির পরিচালক মো. সোলাইমান জানান, গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতে ছোট একটি ব্যাগ নিয়ে ওই ব্যক্তি হোটেলে আসেন। হোটেলের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর তাঁকে এক হাজার টাকা ভাড়ায় একটি কক্ষ দেওয়া হয়। তিনি একাই এসেছিলেন, তাঁর সঙ্গে কেউ ছিলেন না।

সোলাইমান আরও জানান, বৃহস্পতিবার সকালে হোটেল মালিকের সঙ্গে বিচারক দীর্ঘসময় বসে কথা বলেন। তখন তারা জানতে পারেন, তিনি বরিশাল আদালতের একজন বিচারক। সন্ধ্যার পর সাংবাদিকদের মাধ্যমে তারা জানতে পারেন, বিচারক নিখোঁজ ছিলেন এবং পুলিশ তাঁকে উদ্ধার করেছে। তাঁর ব্যবহৃত কক্ষটি এখনো তালাবদ্ধ ছিল। বিকেলের কোনো একসময় তিনি হোটেল থেকে বেরিয়ে যান।

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের কার্যক্রম শেষে বাসায় ফেরার কথা থাকলেও বিচারক নাদীম বাসায় না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন বরিশাল জেলা জজ আদালতের কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। দুদিন ধরে তাঁর কোনো সন্ধান না পাওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।

Source: জাগো নিউজ২৪