পথে যাওয়ার সময় হঠাৎ কান্নার শব্দ কানে আসে। গাড়িবহর থামিয়ে নেমে পড়েন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। খোঁজ নিয়ে জানতে পারেন, পানিতে ডুবে গেছে সাড়ে তিন বছরের এক শিশু। কোনো দেরি না করে শিশুটিকে নিরাপত্তারক্ষীর গাড়িতে তুলে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে যান তিনি। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যায় শিশুটি।
রোববার (২২ নভেম্বর) দুপুরে নাটোরের শাঁখারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুর নাম সাদিব (৩)। সে শাঁখারীপাড়া গ্রামের মুকুল হাসানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে বাড়ি থেকে বের হয় সাদিব। এরপর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। কোথাও না পেয়ে বেলা দেড়টার দিকে বাড়ির পাশের বাঁশঝাড়সংলগ্ন একটি ডোবায় শিশুটির স্যান্ডেল ভাসতে দেখেন তাঁরা। পরে ডোবার পানি থেকে তাকে উদ্ধার করা হয়।
যা বললেন হুইপ দুলু
রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, তিনি গ্রামের বাড়ি রামসার গাজীপুর থেকে ফেরার পথে শাঁখারীপাড়া গ্রামে মুকুলের বাড়ির সামনে আসার পর কান্নার শব্দ শুনতে পান। এ সময় গাড়ি থেকে নেমে তিনি জানতে পারেন, শিশুটি পানিতে ডুবে গেছে। এরপর আর কোনো সময় নষ্ট না করে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে আসেন তিনি।
হাসপাতালে নাটোরের সিভিল সার্জনের উপস্থিতিতে চিকিৎসকরা শিশুটিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাদের সব চেষ্টা ব্যর্থ হয়।
হাসপাতালে আনার আগেই মৃত্যু
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহবুবুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় শাঁখারীপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Source: জাগো নিউজ২৪






