বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের (সিয়েরো) পরিচালক পদে ভুটানের প্রার্থী সাঙ্গে এনগেদুপ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজ্ঞপ্তি অনুযায়ী, সাক্ষাৎকালে সাঙ্গে এনগেদুপ তাঁর প্রার্থিতার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

সাঙ্গে এনগেদুপ ভুটানের সাবেক প্রধানমন্ত্রী। এ ছাড়া তিনি দেশটির স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাক্ষাতে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য দেশগুলোর মধ্যে জনস্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে সাঙ্গে এনগেদুপ তাঁর পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেন।

Source: জাগো নিউজ২৪